প্রিন্ট ভার্সন বাংলাদেশ প্রতিদিন
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
মানব শয়তানের পায়ে বেড়ি পরাও হে রোজাদার
✒️সেলিম হোসাইন আজাদী
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেছেন, ‘রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দুয়ারগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানগুলোকে পরানো হয় বেড়ি। ’ (বুখারি, হাদিস ৩২৭৭; মুসলিম, হাদিস ১০৭৯। ) হাদিসে ‘শয়তানদের বেড়ি পরানোর’ বিষয়টি বোঝাতে দুই জায়গায় দুই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে।
এক জায়গায় বলা হয়েছে, ‘সুলসিলাতিশ শায়াতিন’। আরেক জায়গায় বলা হয়েছে, ‘সুফফিদাতিশ শায়াতিন। ’ সুলসিলাত অর্থ হলো শেকল দিয়ে বেঁধে ফেলা। আবার সুফফিদাত অর্থও বেঁধে ফেলা।
কিন্তু দুই বাঁধার মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্থক্য। সুলসিলাত শব্দটি এসেছে সিলসিলা শব্দ থেকে। এ শব্দটি আমাদের মধ্যে বেশ পরিচিতি। পীরদের দরবারে শব্দটি বেশি ব্যবহার হয়।
যেমন বলা হয়, উনি চিশতিয়া সিলসিলার ১৩তম পীর। তার মানে সিলসিলা অর্থ ক্রমধারা বা ধারাবাহিতা। বংশধারার ক্ষেত্রেও সিলসিলা শব্দটি ব্যবহার হয়। মূলত যে জিনিস একটার পর একটা ক্রমান্বয়ে আসতে থাকে তাকে বলে সিলসিলা। ইংরেজিতে এর ভালো সমার্থক শব্দ হলো ‘সিরিজ’।
এক পর্বের পর এক পর্ব বা ধারাবাহিক। হাদিসে সিলসিলা শব্দটি শেকল অর্থে ব্যবহার হয়েছে। যেহেতু শেকলের আংটা একটার সঙ্গে একটা লাগানো থাকে বা একটার পর একটা আংটা সাজানো থাকে তাই সিলসিলা অর্থ শেকল। নবীজি বলেছেন, ‘সুলসিলাতিশ শায়াতিন। শয়তানগুলোকে শেকল দিয়ে বেঁধে ফেলা হয়। ’ এখানে সুলসিলাতি ক্রিয়াটি মাজহুল বা কর্মবাচ্য রূপে ব্যবহার করা হয়েছে। শয়তানদের বেঁধে ফেলা হয়। কে বেঁধে ফেলেন তা উল্লেখ নেই। উল্লেখ না থাকলেও আমরা জানি আল্লাহ বেঁধে ফেলেন। যেহেতু আল্লাহ বা কর্তা উল্লেখ নেই তাই এটা কর্মবাচ্য বা ফেলে মাজহুলের সিগাহ।
রাখাল মাঠে গরু বাঁধেন। ছাগল বাঁধেন। বাঁধার সময় গলার দড়িটা মোটামুটি লম্বা করে দেন। যেন গলায় টান না লাগে। বড় জায়গাজুড়ে ঘাস খেতে পারে। তার মানে গলায় দড়ি থাকলেও বাঁধনটা গরু বা ছাগলের জন্য খুব কষ্টকর নয়। সে খেতে পারে। হাঁটতে পারে। কিন্তু নির্দিষ্ট সীমার বাইরে যেতে পারে না। এ ধরনের আরামদায়ক সীমানায় শেকল দিয়ে বাঁধার ক্ষেত্রে আরবিতে সিলসিলা শব্দ ব্যবহার হয়ে থাকে। তাই সুলসিলাতিশ শায়াতিন মানে হলো, রমজান মাসে শয়তানের চলাফেরা সীমিত করে দেওয়া হয়। আগে সে যখন খুশি যেখানে খুশি যেতে পারত, রমজান মাসে তার এই স্বাধীনতায় আল্লাহ শেকল পরিয়ে দেন। সে শুধু নির্দিষ্ট সীমানায় চলাফেরা করতে পারে। যেমন মদের দোকানে। অশ্লীল আড্ডায়। জুয়ার আসরে। এরকম অন্যান্য পাপের আখড়ার মধ্যেই তার চলাফেরা সীমিত হয়ে যায়। কোরআনে সুলসিলাত শব্দটি হুবহু এই রূপে ব্যবহার হয়নি। তবে সিলসিলা এবং সালাসিলা ব্যবহার হয়েছে মোট তিন জায়গায়। সব জায়গাতেই অপরাধীদের শাস্তি হিসেবে বাঁধার কথা বলা হয়েছে। সুরা হাক্কায় একবচনে সিলসিলা ব্যবহার হয়েছে ৩২ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ‘ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ওকে ধরো, গলায় বেড়ি লাগাও আর নিক্ষেপ করো জাহান্নামে। এরপর ওকে বাঁধো ৭০ হাত দীর্ঘ শিকলে। ’ (সুরা হাক্কাহ, আয়াত ৩০-৩২। ) অর্থাৎ বড় শেকলের ক্ষেত্রে সিলসিলা শব্দ ব্যবহার হয়।
সুফফিদাত শব্দটি এসেছে সাফাদা থেকে। সাফাদা মানে হলো বেড়ি বা হ্যান্ডকাফ। আসফাদ মানে হলো অনেকগুলো হ্যান্ডকাফ বা বেড়ি। শেকল অর্থেও সাফাদা ব্যবহার করা যায়। কিন্তু পার্থক্য হলো বাঁধার ধরনের ওপর। যে বাঁধনে কিছুটা নড়াচড়ার সুযোগ থাকে সেটাকে বলা হয় সুলসিলাত। আর যে বাঁধনে নড়াচড়ার কোনো সুযোগ নেই সে ধরনের বাঁধনকে বলা হয় সুফফিদাত। যেমন- অপরাধীদের হাতে হ্যান্ডকাফ বা পায়ে বেড়ি পড়ানোর সেক্ষেত্রে সুফফিদাত বলা যেতে পারে। তবে সুফফিদাতের সঠিক অর্থ তখন প্রকাশ পাবে যখন অপরাধীর হাত, পা পিঠ ও মাথার সঙ্গে টাইট করে বেঁধে ফেলা হয়। বাংলায় খুব সুন্দর একটি শব্দ আছে- আষ্টেপৃষ্টে বেঁধে ফেলা। সুফফিদাত বলতে তাই বোঝানো হয়। তাহলে হাদিসের অর্থ হবে, রমজান মাসে শয়তানকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলা হয়। শয়তান কোনো ধরনের নড়াচড়ার সুযোগ পায় না। এখানেও ফেলের মাজহুল বা কর্মবাচ্য রূপ ব্যবহার করা হয়েছে।
মুহাদ্দিসিনে কেরাম বলেন, রমজান মাসে বড় শয়তানগুলোকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়। আর ছোট শয়তানগুলোর গলায় বেড়ি পরিয়ে চলাচল সীমিত করা হয়। যে কারণে মসজিদে, স্কুলে, বাজারে, সমাজের ভালো ভালো আড্ডায় শয়তানের কতৃত্ব থাকে না। কিন্তু বহু বছর ধরে দেখে আসছি রমজানেই আমাদের মুনাফাখোরি, ঘুষ, দুর্নীতি, প্রতারণা, মিথ্যা বহু গুণ বেড়ে যায়। ঘুষখোর বলে, ভাই একটু বাড়িয়ে ঘুষ দিয়েন, বোঝেনই তো রোজার বাজার। মুনাফাখোর, ভেজাল ব্যবসায়ীরা সারা বছর মুখিয়ে থাকে রোজাদারকে ঠকানোর জন্য। প্রশ্ন জাগে, শয়তান যদি বন্দি থাকে তাহলে এমনটা কেন হয়? আসলে শয়তান দুই প্রকার। জিন শয়তান ও মানুষ শয়তান। সুরা নাসের শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ‘মিনাল জিন্নাতি ওয়ান্নাস। ’ জিন শয়তানকে বেড়ি পরানো হলেও মানব শয়তানের গলায় বেড়ি পরানোর দায়িত্ব আমাদের নিজের। নিজ নিজ নফসের গলায় দড়ি পরাই না বলেই রমজান মাসে আমাদের ভিতরের লোভ, হিংসা, বাটপারি সীমাহীন বেড়ে যায়। আমাদের আমল দেখে মনে হবে শয়তানের খেলাফতের দায়িত্ব পালন করছি আমরা। অথচ আমাদের দায়িত্ব হলো আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করা।
প্রিয় পাঠক! সুফিরা বলেন, রমজান মাসে আল্লাহ জিন শয়তানকে বেঁধে ফেলেছেন। এখন আমাদের দায়িত্ব হলো নিজের নফসকে আনুগত্যের শেকল দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা। আমরা নফসকে লাগাম পরাতে পারি না বলেই জিন শয়তানকে বেঁধে রাখার পরও সমাজ থেকে গোনাহের স্রোত থামানো সম্ভব হয় না। আসুন! আমাদের ভিতর লুকিয়ে থাকা মানব শয়তানের গলায় বেড়ি পরাই। তাহলেই আমাদের সিয়াম সাধনা সার্থক হবে। আমরা হব মুত্তাকি, জান্নাতি।
লেখক : প্রিন্সিপাল, সেইফ এডুকেশন ইনস্টিটিউট
পীর সাহেব, আউলিয়ানগর, www.selimazadi.com