ধর্ম মানুষের আত্মার আলো, নৈতিকতার দিশারি। কিন্তু যখন ধর্মের নামে উগ্রতা, সহিংসতা আর বিভ্রান্তি জন্ম নেয়, তখন সেই আলো অন্ধকারে ঢাকা পড়ে যায়।
আশরাফ ইবনে আকন্দ তাঁর“ উগ্রতার বিষ” কবিতায় সেই অন্ধকারময় উগ্রতার বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন। মৃতের প্রতি অমানবিকতা, ধর্মের শুভ্রতায় কলঙ্ক, এবং বিভ্রান্তির রক্তে ছড়িয়ে পড়া বিষ—এসবকে তিনি শাণিত ভাষায় চিত্রিত করেছেন। কবিতাটি কেবল এক প্রতিবাদ নয়; এটি মানবতার পক্ষ থেকে উচ্চারিত এক চূড়ান্ত আহ্বান—“ধার্মিক হওয়ার আগে মানুষ হয়ে ওঠো।”
❐লেখাপত্র
উগ্রতার বিষ
👤 আশরাফ ইবনে আকন্দ
নিদারুণ করুণ দৃশ্যে স্তব্ধ পৃথিবী—
পদ্মার তীরে উন্মত্ত নরকুল
মৃতাশ্মীর দাহে সমাধি ভাঙে।
সমাধিস্থ না হয় ছিল ভ্রান্ত আকিদায়;
তুমি কেন আকলহারা,
হে মৃত আত্মা বহনকারী মানব?
কী জানাতে চাও দুনিয়াকে—
মুসলমান কেবল বর্বর?
অসভ্য, নির্মম, ইতর?
না, জগৎ জানে না—
এ বিভ্রান্তি তোমার,
এ উগ্রতার বিষ তোমারই রক্তে।
ধর্মের শুভ্র চাদরে
এঁকেছো বর্বরতার নগ্ন দাগ—
কার শেখানো এ অন্ধ অগ্নিপাঠ?
হে পাষাণ জগদ্দল,
ধর্মের ঢাক না বাজিয়ে
মানবতার সিঁড়ি বেয়ে ওঠো—
ধার্মিক হওয়ার আগে
মানব হয়ে ফোটো।
※
❍ #উগ্রতার বিষ #২৮/০৯/২০২৫ খ্রি.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন